Pages

Saturday, 28 September 2013

নেশা

"কানিমাটি হলছে?অহ,তাহোলে তো আর কদিন!দেকতে দেকতে তুমাদের পুজ্যা চলি এলো বুলি।
"হঁ,তাইতো হে ,উটোই তো চিন্ত্যা। আরেকব্যারও ছোট কটা ছাড়া কারুর  জামাকাপুর কত্তে পারিনি,এবারও যদি ..."
বাকিটুকু আর শোনা গেল না।অবশিষ্ট বিলাপটুকু সুখটানের সাথে গলা হয়ে বুকে মিলিয়ে গেল।কটু গাঁজার গন্ধে ভারি হয়ে আশ্বিনবাতাস।

এইসব কথা কে বলছে,কাকে বলছে,এটা কোন।ব্যাপার না।এই কনভারশেসনের তেমন কোন গুরুত্বও নেই।দুজন পাতি গেঁয়ো চাষা বসেবসে।গাঁজায় দম দিচ্ছে আর ভুলভাল বকছে।এইসব নাটককে আমরা বাহুল্য বলি। এর কোন ব্যাকগ্রাউন্ড মিউজিকও নেই।
বিশ্বাস হয়না?বেশ,আলতো করে কান পাতুন।দেখুন ঠিক শুনতে পাবেন ..

"আর ঘাড়ে জুঁয়াল নিং টানবো তো কতো টানবো বুলো ধিনি?শালা,ল্যাতোরের পর ল্যাতোর লেগিই আছে।ব্যাটা,লাতিপুতি তারউপুর বিটিটোও ভাতারটোকে খেং এখানে এসি অধিষ্ঠ্যান হলছে। অরও দুট্যা ব্যাটাবিটি। আর তুমাদের পুজ্যার গেলেই হামাদের রিদ।(ঈদ)
"হঁ তো আমারও তো তেমনিই হে। খোঁড়াটোকে নিং খরচ করিই যেছি।ম্যাওরা ছেলা তো,কি করব বুলো!তবে মালটো কিন্তু জবর হে মিয়াভাই,ইয়্যার মদ্ধেই বুঁবুঁ করি মাথাটো ঘুত্তে লেগ্যাছে হে!মনিপুরী নাকি হে?
"হু।ওরে ওই সিদ্দিক মোল্বির বিহ্যাইকে চিনহো না?ওই জি হে যে বোম্বাইয়ে থাকে।পাকা ছিলিমদার লোক,বুজল্যা কিনা?উই দিং গেলছে পাঁচ ছ কলকার মুতুন।
কাজকাম ভাল চললে ইসব নেশা ভাং কত্তে ভাল্লাগে।ঠিকঠাক পেটই ভরেনা,তার উপর আবার এই গাঁজার শখ!
"কেনে হে ,পাহাড় বন্দ নাকি?
"আর বুলিও না। সেই কবে থেকি
ই পাথর কুপিং ...
তারপরের কথাগুলো কেমন ছিনাল মেয়েমানুষের মত গুনগুন করে ঝিঙেফুলের আশেপাশে চক্কর কাটতে লাগলো। সমস্ত ব্যাপ্তি জুড়ে আচ্ছন্নতা,শুকিয়ে খটখটে ক্যানেলের ধারে কাশের আবসোলিউট মেজোরিটি।আর পাশাপাশি অতীত ভবিষ্যৎ হীন দুই বর্তমানের প্রতিনিধি ঠাই বসে আছে।
"অ মোড়ল ভাই,গান শুনবা?
"শুনব ভাই,তার আগে গামছাই মুড়ি আছে,দুকোল খাও।মুখে স্বাদ হবে।দিং জল খেং তুমার গান শুনবো।
নীল আকাশ ,সাদা মেঘ ,পটলের ক্ষেতে বসে থাকা অগুনতি পতঙ্গ চুপচাপ শুনতে থাকল ..
"আকাশ থেকি আগুন টোপায় শুখ্যা  কেশার ঘাসে/ভাতার ,ব্যাটাবেটিকে নিং হিঁদুর গোঁসাই আসে।

আহাহা!কি টানা সুর হে!তুমার গলাখান য়্যাখনো মধুপাকা হুং আছে হেভাই!
"ইটোতো তুমহারি গঢ়ানো গান হে,ভুলি গেলছো?"

"হ। সে দিন আর কই হে! মুনে পলে কষ্টই হয়। শালো সেই লোতুন ও পুরাতুল পালাটোই কত প্যালাই না পেয়্যাছিল্যাম হে!
লোতুন যুগের মেয়্যারা সব শাটপেন্টুল পরহে /ছ্যেলাগুলাও দুলের দিকে তাকিং লুলহিং মরে"
মুনে পলছে হে?
"হুম।একটা দীর্ঘশ্বাসের বিকট আওয়াজ চারণরত গোরুগুলোকে চমকে দেয়।
"তুমার গোঁসাই,মাথায় সিঁদুর লালপেড়েতে ঢাকে/তুমরা সবাই মা আর হামরা চাচি বুলি তাকে"

ই গানটো গাহিলে কেমুন ফক্করি হতো,বুলে ক্যানে? ও মুড়োল,শালো এই সাতসকালে ঢুলছো?উঠোউঠো।ইবার তুমি একখ্যান গাহো।সেই রঙ্গিলাপাখির গানখ্যান ভুলি যাওনি লিসচোয়?

ধ্যেত ***,চোখটো লিশাই একটু লেগি গেলছিলে হে।কি বুলছিল্যা গান? পুরাটো কিন্তু বুলতে লারবো হে। "ও রঙ্গিলা পাখি,দিয়্যা ফাঁকি কোন বা দ্যাশে যাও ?/ও হামার ধানের বাথান খালি করি,আসমানে পালাও.কুন আসমানে পালাও
তুমার চলুনবলুন হাঁঠুনগঠুন লাগায় প্রাণে ধাঁধাঁ/অচিন মুনের মালা হামার তুমার সাথে বাঁধা,বন্ধু,একই সুত্যায় বাঁধা

অ মিয়াভাই,কানছো?"

"নাহে ,পানি এম্নিএম্নি চলি এলো।এই আশ্বিনে পুরা একবছুর পুজবে। তাও মুনে হছে কতদিন থেকি মাগীর মুক দেখিনি। যুগযুগ থেকি;জন্মজন্ম থেকি!"
হ ,বোটো তুমার বড় ভালো মানুষ ছিল হে ,বাড়ি গেলেই প্ল্যাস্টিকের শপখ্যান পেড়ি দিত,দাদা শুনলে মুনে হত নিজের বহিন। সেব্যার পুজ্যার মাহাজেই তো ...."
বাকিটুকু সম্পুর্ন করে দিল,একদল সাত ভাইয়া পাখিদের ক্যাঁচড়ম্যাঁচড়!আর তালের
শুকনো পাতায় হালকা ঝড়ের মৃদু প্রতিবাদ ঝনঝন শব্দে কেঁদে উঠলো "নাই,নাই ,"

কে বুল্লে নাই,মুড়োল ,কে বুল্লে নাই? আছে ,হামার কলিজার ভিতরে ঢুকি আছে,হামার মরি যাওয়া আমড়া গাছের গুঁড়াতে আছে,হামার কতদিন থেকি না লিক্যানো ঘরের বারান্দায় আছে। আমার বিছনাগতি বুড়্যা মা'টোর গুমড়িং গুমড়িং কাঁদুনে আছে। "

"জানি হে।ইত জনুম জনুমের সম্পর্ক হে। এক জনুমে যাওয়ার লয়। ল্যাও টুকুন জল খাও। আর আঁতুড়ের ছেল্যার মুতুন কাঁদেনা হে ,মিয়াভাই।

"দ্যাও ,শালা গলাটোও শুকালছে খুব। এই আশ্বিন্যা গুমোট,ক্যামন ফাট ফেট্যাছে দ্যাখো।মুনে হছে যেন আকাশ পাতাল খাবার লেগি হ্যাঁ করি আছে!
আর এক ছিলিম মাল বানাবো হে?তুমার মুনটোও খারাপ করি দিলাম ,বানাই নাকি হে,এট্টুন কড়া করি?

"না ,থাক। বরং আর য়্যাকখ্যান মিল্যান দেখি ভাটিয়ালি ধরো ধিনি হে। আজ শালা চরম গান পেয়াছ্যে।  আজ  খানিক ছিলিমকে ভিনু রেখি দুজনে পাশাপাশি বসি ,চলো একটুন গানের লিশ্যা করি। গরগর করি চোখ দিং পানি টোপাক,সর্বাঙ্গ থেকি রক্ত টোপাক,এই মরিমরি বেঁচি থাকা জনুমের মুতুন ঘুঁচি যাক হে। এসো,আজ গানের লিশাই করি। চরুম লিশা হোক। বনবন করি গতর ঘুলিং উঠুক,বাকি সব চুল্যায় যাক হে,জমিজমা ,গোরুঘুঁড়া ,প্যাটের ভাবনা সব চুল্যায় যাক।

তুমি বরং গান ধরো হে ,মিয়াভাই, টানা সুরে একখ্যান মাঠুন্যা গান ধরো ধিনি।

No comments:

Post a Comment