Pages

Saturday, 28 September 2013

শ্যামলীকে

শ্যামলী,আজ তোমার কথা খুব মনে পড়ছে। সেই তুমি,সেই চৌকিদার,সেই বাঁশঝাড়ে "ওয়েটিং ফর টু-নাইট" গুনগুনানো আমি,
কি একখানা অনোখা ট্রায়াঙ্গুলার প্রেমকাহিনী সূত্রপাত হয়েছিলো,বলতো?
আজ যখন ইউনিফর্ম আর স্কুলব্যাগে সেজে বাসে ওঠো কিংবা বান্ধব পরিবৃতা
কলেজফেরৎ আসতে আসতে,হাসতে হাসতে নিজের বুকে তোলা ঢেউ  অন্যের বুকে ছড়িয়ে দাও,তখনও তোমাকে তেমনই মোহময়ী লাগে,জানো?

আজকাল আমার কথা আর ভাবোনা,বোধহয়!একটু মোটা হয়েছি,সম্ভবত অতিরিক্ত মদ্যপানের ফল,লোকে বলছে,সুখ
,খুব জানতে ইচ্ছে করছে,
এখন দেখলে তুমি কি বলতে?
অথচ কালকে যখন বাসে ঝুলতেঝুলতে অফিস যাচ্ছিলে,ইচ্ছে করলে দিব্যি কথা বলা যেতো। কিন্তু বাহুসন্ধি আগের মতই
ভেজা কিনা দেখতে গিয়েই হুস করে বাস ছেড়ে দিলো।

জানো শ্যামলী,সবাই বলছে আবার ভোট হবে,
আবার খুনোখুনি হবে,বারোয়ারী রেপ হবে,
আবীর উড়বে,মাইক বাজবে,
কদিন পরে আমরা সবাই তোমার যোনির ধর্ষণের প্রতিবাদে মোমবাতির মিছিল করে আবার তোমার অযৌন ধর্ষণ করবো।
তোমার মথিত স্তনের উপর কৃষিকাজ করবো,পচাগলা মেয়েরা ভালো সার হয়,জানো?
তোমাকে নিয়ে খুব ভালো শিল্পও হতে পারে,তুমি খুব ভালো বিনিয়োগ।
অনেক বিদেশী মূলধন আসবে তোমার নাভিপথে

তুমি কোন দল করো,শ্যামলী?কমিউনিসম বোঝো?
কাপিট্যালিযম?আমেরিকা,রাশিয়া,কিউবা,
ফিদেল কাস্ত্রো,পেরেস্ত্রোইকা,বোঝো?
ইসলামিক সন্ত্রাসবাদ সম্পর্কে কোনো ধ্যানধারণা আছে তোমার?আদবানীর ফ্ল্যাটে কোনো ঠাকুরঘর নেই,লাদেন
আসলে একজন ঠান্ডামাথার ঈশ্বরে অবিশ্বাসী কবি ছিলেন,এইসব ইনফো তোমার কাছে আছে,শ্যামলী?
আজকাল আমরা ধর্ষণের ক্ষতিপুরন দিচ্ছি।
এখন ধর্ষিত হলে বেশকিছু টাকা পেতে পারতে। তোমার প্রয়োজনও তো ছিলো,আর আজও  আমি নিজেকে ক্ষমা করতে পারিনি,ঐতো কটা টাকা,
আজকাল তারচে কত বেশি টাকা সিগারেটের পেছনে চলে যায় ।

বলেছিলে ,পরিবর্তন এলে হায়েনাদের হাত থেকে মুক্ত হবে দেশ,আমরা ভালো থাকবো,
খুব ভালো থাকবো। খুব জানতে ইচ্ছে করছে,ঠিক কতোটা ভালো আছো নব্য হায়েনাদের রাজত্বে?
আসলে তুমি,আমি সকলে জঙ্গলকে ঘর মনে করে
নিশ্চিন্তে ছিলাম,নিশ্চিন্তে আছি।

আমরা তখনও মরেছি,এখনও  মরছি,তুমি তখনও রক্ত মেখে নগ্ন হয়ে পরে থাকতে,এখনো নগ্ন রক্তাক্ত হয়েই পরে থাকো।
কিচ্ছু পাল্টায়নি,পাল্টায় না,আমরা শুধু স্বপ্ন দেখি,স্বপ্ন ভাঙ্গি,আর স্বপ্নের কুঁচি খুঁজে খুঁজে জুড়ে দেওয়ার ব্যর্থ চেষ্টায় বুড়ো হয়ে যাই।
আমরা এভাবেই ভালো থাকি,
শ্যামলী। এভাবেই আমাদের ভালো থাকতে হয় !

আমাদের গল্পে কোনো বদল থাকেনা,শ্যামলী ..

এমনকি কোনো বদলাও থাকেনা.
...
শুধু  মুখ বুজে বেঁচে থাকা থাকে ।

No comments:

Post a Comment